Sunday 04 October, 2026

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 12:34, 3 October 2026

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।

পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে উত্তরা পূর্ব থানার একটি টহলদল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশতলার ফ্ল্যাটে যায়।

সেখানে কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে ভয়ভীতি দেখাচ্ছিলেন।

এক পর্যায়ে মামলা নিষ্পত্তির কথা বলে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা।

ভয়ে তিনি তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান তিনি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রটি দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া একটি পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

 

News Editor : Mehedi Shaheen