Tuesday 15 September, 2026

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 11:05, 15 September 2026

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই দুঃস্বপ্নের অভিজ্ঞতা হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। তিনবারের সোনা জয়ী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের দল।

নারী ফুটবলে বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড। এর আগে ২০১৩ সালে ঢাকায় থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
ফিফা নারী র‍্যাংকিংয়ে ১১ নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে সাবিনাদের এই পারফরম্যান্স মনে করিয়ে দিল আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের শুরুর দিকের কথা—যখন প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হারতে হতো।

দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে ২০২৬ এসিআই নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়ে নিজেদের উন্নতির প্রমাণ দিয়েছিল বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ওপর ভর করেই এশিয়ান গেমসে টিকিট পেয়েছিল তারা। তবে এশিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়ার সামনে দাঁড়িয়ে লাল-সবুজের নারীদের আজ পুরোপুরি অসহায় দেখিয়েছে। একই সঙ্গে এশিয়ার সেরা দলগুলোর চেয়ে বাংলাদেশ এখনও কতটা পিছিয়ে, তা আরও একবার স্পষ্ট হলো।

আজ বাংলাদেশ কোচ পিটার বাটলার অভিজ্ঞ মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, দুই শামসুন্নাহার ও শিউলি আজিমকে বেঞ্চে রেখে তরুণদের নিয়ে দল সাজান। তবে কোচের এই পরীক্ষা-নিরীক্ষার চরম মাশুল দিতে হয়েছে দলকে। ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যেই ৩টি গোল খেয়ে বসে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ৭-০ ব্যবধানে। উত্তর কোরিয়ার জন রিয়ং জং, চে উন ইয়ং ও কিম কিয়ং ইয়ং জোড়া গোল করেন, অন্য গোলটি আসে হাওয়াং ইউ ইয়ংয়ের পা থেকে।

ছয় মাস আগে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মুখোমুখি লড়াইয়ে প্রথমার্ধের ৪৫ মিনিট কোরিয়াকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। তবে এবার ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খাতা খোলে কোরিয়ানরা।

চার গোল খাওয়ার পর শিউলি আজিমকে নামিয়ে রক্ষণভাগকে পাঁচজনে রূপ দেওয়া হলেও কোরিয়ান আক্রমণ থামানো যায়নি। দ্বিতীয় অর্ধে শামসুন্নাহার মাঠে নামলেও হারের লজ্জা কমানো যায়নি। অথচ র‍্যাংকিংয়ে ৯৬ ধাপ এগিয়ে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াই করার আগে কাল ভালো পারফরম্যান্সের আশাই ব্যক্ত করেছিলেন কোচ পিটার বাটলার।