Friday 04 September, 2026

রূপপুরের বিদ্যুৎ পেতে সময় আরও বাড়ল

প্রকাশিত: 21:57, 3 September 2026

রূপপুরের বিদ্যুৎ পেতে সময় আরও বাড়ল

রূপপুরের বিদ্যুৎ পেতে সময় আরও বাড়ল

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভাল্ভ জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে।

তিনি জানান, প্রয়োজন হলে ইউনিট-২-এর ভাল্ভ ইউনিট-১-এ প্রতিস্থাপন কিংবা বিদ্যমান ভাল্ভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সমস্যা খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দলও আসছে।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আজ বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে গত ২৮ জুন জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর থেকে আগস্টে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই, এই ভাল্ভ কেন কাজ করছে না খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ইউনিট-২-এর ভাল্ভ ইউনিট-১-এ রিপ্লেস (প্রতিস্থাপন) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক করতে বলব।’

গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। তখন পরিকল্পনা ছিল, চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। কয়েকটি ধাপে পরীক্ষা সম্পন্ন করার পর এরই মধ্যে ‘বি’ স্টেজ শেষ হয়েছে। কিন্তু দুটি সেফটি ভাল্ভে সমস্যা থাকায় পরবর্তী ‘সি’ স্টেজে যাওয়া সম্ভব হচ্ছে না-উল্লেখ করেন তিনি।