‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর
বিএনপি সরকারের ছয় মাসে হাজারো মানুষ বেকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
নির্বাচনের আগে মানুষের কর্মসংস্থান নিয়ে বিএনপির সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সরকার গঠনের পর ছয় মাস অতিক্রান্ত হলেও প্রতিশ্রুতির ন্যূনতম লক্ষণ প্রকাশ পায়নি। বরং পরিস্থিতি আরও নাজুক হয়েছে।
“গত ছয় মাসে শুধু তৈরি পোশাক খাতেই ২০ হাজারের মত মানুষ বেকার হয়েছে।” শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে দলের জেলা প্রতিনিধি সম্মেলনে কথা বলছিলেন চরমোনাই পীর।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “প্রতিদিন গড়ে ১০ জন করে খুন হচ্ছে। লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে এবং জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে এসব ঘটনা সরকারের প্রথম ছয় মাসের ব্যর্থতার সাক্ষ্য দেয়।
“মানুষ হত্যার পর পুলিশ খুনিদের গ্রেপ্তার করলেও বিচার হচ্ছে না। নিম্ন আদালতের রায়ও কার্যকর না হয়ে আদালতের অন্দরে বিচার পথ হারাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে সরকার চূড়ান্ত ব্যর্থ হয়েছে।”
তিনি দাবি করেন, “অবিলম্বে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, লোডশেডিং কমানো, জ্বালানি সংকট সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। নাহলে মানুষের ক্ষোভ সীমা ছাড়াতে পারেূ।”
রাষ্ট্র সংস্কারে সরকারের ভূমিকা ‘হতাশাজনক’ বলে মনে করেন রেজাউল করীম।
তিনি বলেন, “জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য তৈরি হলেও সর্বশেষ নির্বাচনে তা মানা হয়নি। সংস্কারের অন্যান্য বিষয়েও সরকার রীতিমত বিরুদ্ধ অবস্থান নিয়েছে। “সংস্কার না করলে এর ভয়াবহ পরিণতির দায় সরকারকেই নিতে হবে।”








