Friday 28 August, 2026

ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 21:57, 27 August 2026

ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ছাত্রলীগের এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের ভানুয়াই গ্রামের নাদু কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেনের বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানায়, আগুনলাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। আরিফ হোসেনের বাবা মো. শাহজাহান, মা আমেনা বেগম ও ছোট ভাই পাশ্ববর্তী আত্মীয় শাহনাজ আক্তারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে তাদের অভিযোগ। অগ্নিকাণ্ডে ঘরের ফ্রিজ, এলইডি টেলিভিশন, সোফা, খাট, আলমিরা, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়।

ভুক্তভোগী মো. শাহজাহান জানান, আমরা বাড়িতে ছিলাম না। পরে খবর পেয়ে এসে দেখি পুরো ঘর আগুনে পুড়ে গেছে। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

এ বিষয়ে সভাপতি আরিফ হোসেন মুঠোফোনে জানান, আমি বাড়িতে থাকি না। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি বিভিন্ন পোস্ট করি তাই আমার বাড়িতে আগুন দেয়া হয়েছে। 

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের লিডার শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।