একুশে একাডেমী অস্ট্রেলিয়ার আয়োজন
বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সংগঠন একুশে একাডেমী অস্ট্রেলিয়া গত রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ সিডনির এশফিল্ডএর সিভিক সেন্টারে দুপুর ২টায় এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সভাপতি ড. সুলতান মাহমুদ। সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহিদ বুদ্ধিজীবী, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৪ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী, ও ৭১-এর বীর শহীদদের আত্মত্যাগ এবং বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্য নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আলোচনা সভায় বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রবাসে সাংস্কৃতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ছাড়াও কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশনা এবং স্মৃতিচারণমূলক বক্তব্য পরিবেশিত হয়। এতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও কমিউনিটি নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. সুলতান মাহমুদ বলেন, “বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় পরিচয়, আত্মমর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক সংযোগ জোরদার করতেই একুশে একাডেমী অস্ট্রেলিয়ার এই আয়োজন”। উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ এবং আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ একুশে বইমেলার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
News Editor : Al Noman Shamim








