সিডনির শ্রেণিকক্ষে ইশিকার ভিন্নভাবে জাতীয় পরিচয়ের উদযাপন
সিডনির অ্যালেক্সান্দ্রিয়া পার্ক কমিউনিটি স্কুলে ৪ নভেম্বর অনুষ্ঠিত হলো বার্ষিক Night of the Notable Person অনুষ্ঠান। বছর ৫ ও ৬-এর অপারচুনিটি ক্লাসের শিক্ষার্থীদের নানা প্রদর্শনীর মধ্যে সবচেয়ে নজর কাড়ে বছর ৫-এর শিক্ষার্থী ইশিকা হাফিজের প্রকল্প। সে তার পোস্টারে তুলে ধরে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, সংগ্রাম এবং স্বাধীনতার প্রতি তাঁর অবিচল নেতৃত্ব।
ইশিকার হাতে আঁকা বাংলাদেশি পতাকা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, এবং সুন্দর হস্তাক্ষরে লেখা একটি টাইমলাইন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে। তার উপস্থাপনায় স্পষ্ট ছিল নিজের শেকড়ের প্রতি সম্মান ও গভীর বোঝাপড়া। প্রবাসে জন্ম নেওয়া অনেক শিশুর মতো ইশিকা তার পরিচয়কে দূরের স্মৃতি হিসেবে নয়, বরং গর্বের আলোয় ধারণ করে।
সহপাঠীরা তার কাজ দেখে বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার পথচলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। ইশিকার প্রকল্প সিডনির বহুসাংস্কৃতিক পরিবেশে একটি সেতুবন্ধন তৈরি করে যেখানে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের গল্প একসঙ্গে মিলেমিশে যায়।
তার এ গবেষণা ও উপস্থাপনার দক্ষতা নিয়ে শিক্ষকেরা প্রশংসা করেন। ইশিকা দেখিয়ে দেয়, ঐতিহ্য শুধু ধরে রাখার বিষয় নয়, এটি ভাগ করে নেওয়ারও এক সুন্দর মাধ্যম। এক সন্ধ্যায়, শান্ত স্বভাবে দাঁড়িয়ে থাকা এই ছোট শিক্ষার্থী নিজের পরিচয় আর ইতিহাসকে অনন্যভাবে তুলে ধরে সবাইকে মুগ্ধ করে।
News Editor : Khandaker Enamul








