হাজতে আওয়ামী লীগ নেতাকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তানভীর ইসলামকে গ্রেপ্তারের পর থানা হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গ্রেপ্তার তানভীরের স্বজনরা জানান, আটঘরিয়া থানায় নেওয়ার পর তানভীরের ওপর চরম নির্যাতন চালানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
পরে অসুস্থ অবস্থায় তাকে পাবনা হাসপাতালে নেওয়া হলেও পুলিশ চিকিৎসা ও এক্স-রে করাতে দেয়নি। নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী সময়ে তাকে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
তানভীর ইসলাম আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তানভীরের স্বজনদের অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার পর থেকেই পুলিশ সদস্যরা শারীরিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। অসুস্থ অবস্থায় তাঁকে পাবনা হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়নি। এমনকি প্রয়োজনীয় এক্স-রে পরীক্ষাও করাতে দেওয়া হয়নি। এ ঘটনায় তাঁরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্বজনদের দাবি, থানার হেফাজতে তানভীরের ওপর নির্যাতনের ঘটনায় আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান সরকার মূল ভূমিকা পালন করেছেন। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁকে পাবনা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে থানা হেফাজতে নির্যাতনের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে বক্তব্য না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
News Editor : Abdullah Al Noman








