Wednesday 28 October, 2026

‘আওয়ামী লীগ করি না কার্ড’ চালু করার আহ্বান যুব ইউনিয়ন নেতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 22:51, 27 October 2026

‘আওয়ামী লীগ করি না কার্ড’ চালু করার আহ্বান যুব ইউনিয়ন নেতার

‘আওয়ামী লীগ করি না কার্ড’ চালু করার আহ্বান যুব ইউনিয়ন নেতার

ট্যাগিং রাজনীতি ও মব কালচারের কারণে রাজনৈতিক পরিচয় প্রমাণ করতে প্রতিনিয়ত যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, তা থেকে বাঁচতে একটি 'আওয়ামী লীগ করি না কার্ড' চালু করা প্রয়োজন"। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়নের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশের সভাপতির বক্তব্যে যুব ইউনিয়ন নেতা জাহাঙ্গীর আলম নান্নু বলেন, "বিএনপি নেতা তারেক রহমান বলেছিলেন তাঁর একটি 'প্ল্যান' আছে। বর্তমানে কৃষককার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সেসব প্ল্যানের প্রতিফলন দেখতে পাচ্ছি। আমরা বিনীতভাবে তাঁকে অনুরোধ করব এর সঙ্গে আরেকটি 'আওয়ামী লীগ করি না কার্ড' যুক্ত করুন, যাতে আমরা রেজিস্ট্রেশন করে লাইন ধরে ওই কার্ড সংগ্রহ করে পকেটে রাখতে পারি।

কারণ মুক্তিযুদ্ধের কথা বললে, এদেশের ঐতিহ্য ও সংস্কৃতির কথা বললে, নিজের রাজনৈতিক মত প্রকাশ করলেই আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মব তৈরি করা হচ্ছে, গ্রেপ্তার করানো হচ্ছে। সারারাত থানায় বসে প্রমাণ দিতে হচ্ছে যে আমরা আওয়ামী লীগ করি না, আমরা প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত। এই ভোগান্তি বন্ধ হওয়া দরকার।"

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইনজামামুল হক বলেন, "আমাদের বহু কাঙ্ক্ষিত গণ-অভ্যুত্থানের পর আমরা দেখছি একের পর এক বাউল এবং অন্যান্য শিল্পীদের ওপর হামলা চালানো হচ্ছে, ভিন্ন মতাবলম্বীদের ওপর আক্রমণ করা হচ্ছে। ভেবেছিলাম রাজনীতির পটপরিবর্তনের পর সে চিত্রের পরিবর্তন হবে, কিন্তু গতকাল রাতে সিপিবি কার্যালয়ের সামনে একইভাবে মব করে আমাদের বন্ধুদের আহত করার মাধ্যমে আমাদের সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে।"

ইনজামামুল হক আরও বলেন, "এই স্বাধীন দেশে কে কোন স্লোগান দেবে বা কীভাবে মতপ্রকাশ করবে, তা নির্ধারণ করে দেওয়ার অধিকার বিএনপি কিংবা জামায়াতের নেই। 'জয় বাংলা' বা যেকোনো স্লোগান, কোনোটিই নিষিদ্ধ নয়, মানুষের স্বাভাবিক মতপ্রকাশ ও সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকারকে এভাবে বাধাগ্রস্ত করা যাবে না। হামলা-মামলার মাধ্যমে জনমনে ভয় সৃষ্টি করে যদি জনমতকে দমনের চেষ্টা করা হয় তবে জনগণ তার জবাব দেবে। মব সৃষ্টিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।"

সমাবেশে উপস্থিত বক্তারা জানান, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পসারির মরদেহ দাফন ও গার্ড অব অনার প্রদানে বাঁধা দেওয়ার ঘটনার প্রতিবাদ জানানো এবং আটক সাবেক ছাত্রনেতা দীপক শীলের মুক্তির পর গতকাল সোমবার রাতে পল্টনে বের করা মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে প্রবেশ করে ভাঙচুর করে এবং নেতাকর্মীদের ওপর চড়াও হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহীন ভূঁইয়া এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

 

News Editor : Mehedi Shaheen