বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, জড়িতদের ব্যবস্থা নেওয়ার দাবি
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও দাফনে বাধা দেওয়া ও অসম্মান করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেহেরপুরের মুক্তিযোদ্ধারা।
আজ সোমবার বেলা ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল আলম সোনা। কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ৫৫ বছর পরও একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানিত হতে হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। একজন মুক্তিযোদ্ধার প্রতি এ ধরনের আচরণ শুধু তাকেই নয়, দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকেও অবমাননা করার শামিল।
বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে যেন কোনো মুক্তিযোদ্ধাকে এ ধরনের অসম্মান ও হয়রানির শিকার হতে না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
News Editor : Fokhrul Islam








