Thursday 15 October, 2026

চাঁদা না দেওয়ায় ফিলিং স্টেশনে দেওয়া হলো আগুন

প্রকাশিত: 00:43, 15 October 2026

চাঁদা না দেওয়ায় ফিলিং স্টেশনে দেওয়া হলো আগুন

চাঁদা না দেওয়ায় ফিলিং স্টেশনে দেওয়া হলো আগুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চাঁদা না দেওয়ায় একটি ফিলিং স্টেশনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আট হাজার লিটার তেলসহ পুড়ে গেছে পাশের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, অটোরিকশার শোরুম ও তিনটি বাড়ি।

গত মঙ্গলবার উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক।

ক্ষতিগ্রস্ত চাঁদের আলো ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ও ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মুহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে হেলমেট পরা এক যুবক মোটরসাইকেলে করে দুই লিটার পেট্রোল নিয়ে এক হাজার টাকার নোট দেন। কর্মচারী মামুন টাকা ভাঙাতে ক্যাশ কাউন্টারে যাওয়ার পরপরই তেলের ড্রামে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন আশপাশের প্রতিষ্ঠান ও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ওই মোটরসাইকেল আরোহীকেও খুঁজে পাওয়া যায়নি।

মুহিদুলের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এরপর থেকে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। চার মাস আগে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় কর্মী সুবল উদ্দিন তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া গত মাসে হাসনাত নামে এক সিঙ্গাপুর প্রবাসী মেসেঞ্জারে তাঁকে হুমকি দেন। গত শনিবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মুহিদুলের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে মারধর করে হাতঘড়ি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। মুহিদুলের সন্দেহ, এসব ঘটনার সঙ্গে জড়িত চক্রটি পরিকল্পিতভাবে আগুন দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কর্মী সুবল উদ্দিন তিন মাস আগে থেকে একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

মুহিদুল জানান, ফিলিং স্টেশনে তেলের পাশাপাশি কয়েকটি গ্যাস সিলিন্ডারও ছিল। অটোরিকশার শোরুমে থাকা পাঁচটি নতুন অটোরিকশা ও ৫৫টি ব্যাটারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণ ছিল। সেখানে জ্বালানি তেলের পাশাপাশি এলপিজি সিলিন্ডারও বিক্রি করা হতো।

 

News Editor : Abdullah Al Noman