Sunday 01 November, 2026

অক্টোবরে মব-সহিংসতা বেড়েছে ৩৯ শতাংশ, নিহত ৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 19:56, 31 October 2026

অক্টোবরে মব-সহিংসতা বেড়েছে ৩৯ শতাংশ, নিহত ৩২

অক্টোবরে মব-সহিংসতা বেড়েছে ৩৯ শতাংশ, নিহত ৩২

চলতি অক্টোবরে মব-সহিংসতায় মৃত্যু সেপ্টেম্বরের তুলনায় ৩৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটির তথ্য অনুসারে, চলতি মাসে মব-সহিংসতায় নিহত হয়েছেন ৩২ জন, যেখানে সেপ্টেম্বরে ছিল ২৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের অক্টোবর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এমএসএফ জানিয়েছে, অক্টোবর মাসে মব সহিংসতায় নিহত হয়েছেন ৩২ জন। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ২৩। অর্থাৎ এক মাসে প্রাণহানি বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

তবে আহতের সংখ্যা ৭৪ থেকে কমে ৫৪ হয়েছে। এই সময়ে চুরির অভিযোগে ১৪ জন, হত্যার অভিযোগে ১ জন, ডাকাতির অভিযোগে ১ জন, বাকবিতণ্ডার অভিযোগে ৫ জন, চাঁদাবাজি, জমি বিরোধ, পূর্বশত্রুতা, লেনদেন, কটুক্তি ও প্রতারণা সংক্রান্ত বিষয়ে ১১ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা ৩৮৪ থেকে কমে ৮৮ হলেও প্রাণহানির চিত্র উদ্বেগজনক। বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহতের সংখ্যা ১ থেকে বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।

অজ্ঞাত হামলায় নিহত ৭ থেকে বেড়ে ৯ জন হয়েছে। অর্থাৎ সংঘর্ষ কমলেও প্রাণঘাতী হামলা ও নিরাপত্তাঝুঁকি কাটেনি।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে অভ্যন্তরীণ কোন্দলে নিহত ৫ জনের মধ্যে ৪ জন বিএনপির এবং ১ জন আওয়ামী লীগের নেতাকর্মী। অজ্ঞাত হামলায় নিহত ৯ জনের মধ্যে ৭ জন বিএনপির ও দুজন আওয়ামী লীগের নেতাকর্মী। সংস্থার পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রাণহানি, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

News Editor : Sheikh Daiyan