Sunday 02 August, 2026

দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 01:18, 2 August 2026

দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার

দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়া দলীয়কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন সিদ্দিকীকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেল থেকে তাকে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলাসহ বহু অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

জানা গেছে, বালু মহালের টাকা নিয়ে বিরোধের জেরে গত ২৫শে জুলাই মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের সামনে পৌর বিএনপির সদস্য রিয়াজ উদ্দিন টিপুকে গুলি করে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সিদ্দিকী ও তার সহযোগীরা। এ ঘটনায় পরদিন মামলা করেন আহত বিএনপি নেতা।

টিপুর ভাষ্য, ৩০ জন অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে তাকে হত্যা করতে চেয়েছিলেন আলমগীর সিদ্দিকী। তবে মামলাটি মিথ্যা দাবি করে ২৮শে জুলাই ছাগলনাইয়ায় মানববন্ধন করেন আলমগীরের অনুসারীরা।

মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন আলমগীর হোসেন সিদ্দিকী। তিনি উপজেলার উত্তর লাংগলমোড় গ্রামের আমির হোসেন লাকী।

ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকা ৭টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম বলেন, ধৃত আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন, অপহরণ, সাংবাদিককে হত্যাচেষ্টাসহ বহু অভিযোগ রয়েছে।