Sunday 20 September, 2026

রাজধানী থেকে শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 00:29, 20 September 2026

রাজধানী থেকে শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন

রাজধানী থেকে শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামের ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোড এলাকার ভাড়া বাসা থেকে সে রাগ করে বের হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন।

স্বজনরা জানান, নাঈমের বাবার নাম মো. বাবুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে।

বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় বসবাস করেন।

নাঈমের চাচা ‎গোলাম হুসাইন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ৬ বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এতে তার মা বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর ‎‎নাঈমকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

এ সময় নাঈমের কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ‎‎এ ঘটনায় খিলক্ষেত থানায় জিডি করা হয়েছে। এ ছাড়া এসআরবি (র‌্যাব) ও ডিবি পুলিশের কাছে উদ্ধারের জন্য আবেদন করা হয়েছে।
এসআরবির কাছে করা আবেদন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম তাদের হেফাজতে আছে।

এ সময় ফোনে শিশুটির কান্নার শব্দ শোনা যায়। ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা জানানো হয়। পরে ‘হাজি বাড়ি ক্যাম্প এলাকায়’ রয়েছে বলে অজ্ঞাত ব্যক্তি ফোনটি কেটে দেন। এরপর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।