Thursday 17 September, 2026

রাজধানীতে বাস চাপায় প্রাণ গেল মাইলস্টোনের শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 12:09, 17 September 2026

রাজধানীতে বাস চাপায় প্রাণ গেল মাইলস্টোনের শিক্ষিকার

রাজধানীতে বাস চাপায় প্রাণ গেল মাইলস্টোনের শিক্ষিকার

রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তৃষা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর পর রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তৃষা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষিকা। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। 

খিলগাঁও থানা পুলিশ জানায়, দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ তৃষা মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, তাসপিয়া একটি কাজে বাসা থেকে বের হয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালে বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা সাংবাদিকদের বলেন, তাসপিয়া তাঁর দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। বৃহস্পতিবার (আজ) তাঁর কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। সড়কে তাসপিয়ার রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে তিনি পরিবারের সদস্যদের খবর দেন।