Tuesday 15 September, 2026

সৌদির তিন শহরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 11:08, 15 September 2026

সৌদির তিন শহরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

সৌদির তিন শহরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

সৌদি আরবের তিন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সোমবার সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আহতদের অবস্থা গুরুতর নয়। তাদের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার।

তিনি জানান, হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, হুথিরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট আত্মরক্ষার অধিকার অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

হুথিদের ওপর চালানো এসব হামলার ‘জবাব দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দেন ইয়াহিয়া সারি।

সোমবার হুথিরা খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবিও করে। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে আরও বড় পরিসরে অভিযান চালানোর হুমকি দেয় তারা।

ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। জুলাইয়ের শুরু থেকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ বেড়েছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। এর পরের বছর, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।