Tuesday 15 September, 2026

 শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে শরীয়তপুরে ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 10:57, 15 September 2026

 শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে শরীয়তপুরে ছাত্রলীগের মিছিল

 শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে শরীয়তপুরে ছাত্রলীগের মিছিল

শরীয়তপুরে শেখ হাসিনার প্রত্যাবর্তন, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিলটি কোন থানার এলাকায় হয়েছে, তা নিয়ে পালং মডেল ও ভেদরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আটং এলাকার কানারবাজার-বুড়িরহাট সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল থেকে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, কারাগারে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার দাবি, আটং থেকে ছয়গাঁওয়ের দিকে যাওয়ার সড়কে মিছিলটি হয়েছে এবং ওই এলাকা ভেদরগঞ্জ থানার আওতাধীন।

তবে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশার দাবি করেন, মিছিলটি পালং মডেল থানা এলাকায় হয়েছে। তিনি বলেন, মিছিলে থাকা ব্যানারে যে সাবেক সংসদ সদস্যের ছবি ছিল, তিনি ওই এলাকার সাবেক এমপি।

দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্যে মিছিলের ঘটনাস্থলের থানা-সীমানা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। ফলে ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দুই থানার মধ্যে দায় ঠেলাঠেলির বিষয়টি সামনে এসেছে।