Saturday 06 June, 2026

হুমায়ূন আহমেদ ও তাঁর নারী চরিত্র

অনীলা পারভীন

প্রকাশিত: 15:50, 13 November 2025

আপডেট: 16:40, 13 November 2025

হুমায়ূন আহমেদ ও তাঁর নারী চরিত্র

হুমায়ূন আহমেদ ও তাঁর নারী চরিত্র

বাংলা সাহিত্যের হুমায়ূন আহমেদ এমন এক কথাশিল্পী, যিনি জীবনের একেবারে সাধারণ ঘটনাকে অনন্য ভাষায়, সহজ অথচ গভীর বর্ণনায়, এক নতুন মাত্রায় তুলে ধরতেন। তাঁর গল্পে যেমন হাসি আছে, তেমনি আছে বেদনা, ভালোবাসা, একাকীত্ব ও জীবনের সূক্ষ্ম দর্শন। এই সমগ্র অনুভবের জগতে সবচেয়ে স্পর্শকাতর ও অনন্য হয়ে ওঠে তাঁর নারী চরিত্রগুলো। 

হুমায়ূন আহমেদের সৃষ্ট নারী চরিত্ররা অনেক সময়েই আমাদের সমাজের নারীদের প্রতিনিধিত্ব করে-তারা কোমল, কিন্তু দুর্বল নয়; তারা ভালোবাসে, কিন্তু বিনিময়ের প্রত্যাশা করে না। তাঁর লেখায় নারীরা অনেক সময়ই মায়া, সংবেদন, ত্যাগ ও অন্তর্গত শক্তির প্রতীক হয়ে ওঠে।

যেমন ‘শঙ্খনীল কারাগার’-এর রাবেয়া এক নিম্নমধ্যবিত্ত পরিবারের দায়িত্বে ন্যস্ত এক মমতাময়ী নারী। নিজের সকল চাওয়া-পাওয়া, স্বপ্ন ত্যাগ করে পরিবারকে আগলে রাখার মধ্যে তার নারীত্বের মহিমা ফুটে ওঠে। ‘নন্দিত নরক’-এর রাবেয়া মানসিক প্রতিবন্ধী হলেও তার অন্তর ভরা ভালোবাসা ও মানবিকতায়। সমাজ তাকে “পাগল” বলে দূরে সরিয়ে রাখলেও হুমায়ূন আহমেদ তাকে দেখিয়েছেন একজন সম্পূর্ণ অনুভূতিশীল মানুষ হিসেবে।

‘দেবী’-র নীলু চরিত্রে একদিকে আছে রহস্যময়তা, অন্যদিকে আছে ভয়ের বিরুদ্ধে নারীর মানসিক দৃঢ়তা। ‘কোথাও কেউ নেই’-এর মুনা চরিত্রটি যেন প্রেম ও নীরবতার মিশ্রণ যেখানে ভালোবাসা প্রকাশ পায় সংযমে, উচ্চারণে নয়। এই নারীরা নিছক প্রেমিকা নয়, তারা জীবনের প্রতীক যন্ত্রণার, টানাপোড়েনের, এবং গভীর মানবিকতার প্রতিচ্ছবি।

যদিও সমালোচকদের একাংশ মনে করেন, হুমায়ূন আহমেদের নারী চরিত্রগুলো প্রায়ই আদর্শায়িত ও রোমান্টিক রূপে উপস্থাপিত। তাঁরা সমাজের বাস্তব সংগ্রামী নারী নয়, বরং এক ধরনের স্বপ্নের নারী—যারা পুরুষ চরিত্রের আবেগের পরিপূরক হিসেবে কাজ করে। যদিও হুমায়ুন আহমেদ নারীকে কখনো “দুর্বল” করে দেখাননি। তিনি নারীর অন্তর্জগতের সৌন্দর্য, সংবেদনশীলতা ও মানসিক শক্তিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নারী চরিত্ররা সামাজিক আন্দোলনের মুখপাত্র না হলেও, তারা নিজেদের অবস্থানকে অস্বীকার করে না; বরং তাদের মানসিক দৃঢ়তার মাধ্যমে পাঠকের সহানুভূতি ও মমতা জাগায়।

শরৎচন্দ্র নারীর ত্যাগকে, মানিক বন্দ্যোপাধ্যায় নারীর সংগ্রামকে, আর রবীন্দ্রনাথ নারীর আত্মবোধকে যেভাবে উপস্থাপন করেছেন হুমায়ূন আহমেদ সেখানে নিয়ে এসেছেন আধুনিক মধ্যবিত্ত নারীর বাস্তবতা ও মানসিক জটিলতা। তাঁর নারী চরিত্ররা বড় শহরের আলো-অন্ধকারে কিংবা মফস্বলের একঘেয়ে জীবনে নিঃশব্দে নিজের জায়গা খুঁজে নেয়। তাই আধুনিক বাংলা সাহিত্যে নারীচরিত্রের চিত্রায়ণে হুমায়ুন আহমেদের অবস্থান একটি বিশেষ জায়গা তৈরি করেছে।

 অতএব বলা যায়-হুমায়ূন আহমেদের নারী চরিত্ররা একদিকে মানবিকতার মূর্ত প্রতীক, অন্যদিকে পুরুষনির্ভর সমাজে নারীর অনুভূতির এক নীরব প্রতিবাদ। তাঁর কলমে নারী কখনো কেবল প্রেমের অবলম্বন নয়, বরং একটি পূর্ণ মানুষ, যার মধ্যে আছে ভালোবাসা, বেদনা, করুণা ও আত্মমর্যাদা। 

এই সরল অথচ গভীর উপস্থাপনাই তাঁকে পাঠকের হৃদয়ে অমর করে রেখেছে।