পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তর ও বাল্যবিয়ে বন্ধের আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের
পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অল্পবয়সী মেয়েদের অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর ও বাল্যবিয়ের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রস্তাবে ইইউ পার্লামেন্ট এই নিন্দা জানায় এবং দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মেয়েদের নিরাপত্তা জোরদার করার জন্য পাকিস্তান সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে।
ইউরোপীয় পার্লামেন্ট তাদের এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে ১৩ বছর বয়সী পাকিস্তানি খ্রিস্টান কিশোরী মারিয়া শাহবাজের ঘটনাটি বিশেষভাবে তুলে ধরেছে। গত বছরের জুলাইয়ে তাকে অপহরণ করার পর, চলতি বছরের মার্চ মাসে খ্রিস্টধর্ম থেকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করে তার অপহরণকারীকে বিয়ে দেওয়া হয়।
ইইউ পার্লামেন্টের সদস্যরা মারিয়ার জন্য আইনি প্রতিনিধিত্ব, পারিবারিক ও মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রস্তাবে বলা হয়েছে, মারিয়া শাহবাজের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর চলা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের একটি প্রতীক।
জাতিসংঘের একটি পরিসংখ্যানের সূত্র দিয়ে প্রস্তাবে উল্লেখ করা হয়, বিয়ের মাধ্যমে জোরপূর্বক ধর্মান্তরের শিকার নারী ও মেয়েদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই হিন্দু এবং ২৫ শতাংশ খ্রিস্টান সম্প্রদায়ের। ইউরোপীয় পার্লামেন্ট বাল্যবিয়ে বন্ধে পাকিস্তানকে তাদের জাতীয় আইনি কাঠামো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে, যা ইতোমধ্যে দেশটির কিছু প্রদেশে চালু রয়েছে। এ ছাড়া অপহৃত বা জোরপূর্বক ধর্মান্তরিত মেয়েদের পরিবারের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি শক্তিশালী ‘জাতীয় ব্যবস্থা’ গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে।
পার্লামেন্ট সদস্যরা আরো বলেন, অপ্রাপ্তবয়স্কদের ওপর বলপ্রয়োগের যেকোনো অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে।
সেই সাথে অপরাধীদের বিচারের আওতায় এনে পাকিস্তানের বিচারিক কাঠামোকে শক্তিশালী করার এবং অপহৃত মেয়েদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
চলতি বছরের এপ্রিলে ‘হিউম্যান রাইটস ফোকাস পাকিস্তান’ (এইচআরএফপি) মারিয়া শাহবাজের এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানায়। সংগঠনটি জোর দিয়ে বলেছে, পাকিস্তানে সংখ্যালঘু, বিশেষ করে খ্রিস্টান ও হিন্দু মেয়েদের অপহরণ ও জোরপূর্বক বিয়ে একটি নিয়মিত ও সুপ্রতিষ্ঠিত ধারায় পরিণত হয়েছে। নথিপত্র অনুযায়ী, মারিয়াকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে সে স্বেচ্ছায় ধর্মান্তর ও বিয়ের দাবি করলেও, তার নাবালিকা অবস্থা নিশ্চিত হওয়া সত্ত্বেও আদালত বিয়েটি বহাল রাখে এবং অভিযুক্তকে তার অভিভাবকত্ব দেয়। বর্তমানে মারিয়ার পরিবার এই রায়ের বিরুদ্ধে আইনি আপিল চালিয়ে যাচ্ছে।








