বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে উৎপাদন বন্ধ
পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ত্রুটিপূর্ণ পাম্প মেরামতের কাজ চলছে। প্রয়োজনীয় মেরামত শেষ করে শনিবারের মধ্যে ইউনিটটি পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। পাম্পে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে ইউনিটটির উৎপাদন বন্ধ রাখা হয়।
এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ২০২০ সাল থেকে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত শেষে ১ নম্বর ইউনিট চালু হলে এর উৎপাদিত বিদ্যুৎ পুনরায় জাতীয় গ্রিডে যুক্ত হবে।








