‘টুর্নামেন্টটি পাতানো, আর্জেন্টিনাকেই জেতানো হচ্ছে’
বিতর্কিত রেফারিংয়ের ম্যাচে জয় তুলে নিয়ে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর পরই গনমাধ্যমে বোমা ফাটিয়েছেন মিসরের ফরোয়ার্ড মোস্তফা মোহাম্মদ জিকো। তার দাবি, চলমান এই টুর্নামেন্টটি সম্পূর্ণ ‘পাতানো’ এবং রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের সুবিধা দিয়েই আলবিসেলেস্তেদের সামনে এগিয়ে নেওয়া হচ্ছে।
আর্জেন্টিনার শেষ আট নিশ্চিত করার রেশ কাটতে না কাটতেই জিকোর এমন মন্তব্য আসরের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রথমে গণমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়ে পরে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় রেফারিদের ওপর তীব্র ক্ষোভ উগরে দেন এই মিসরীয় তারকা।
মোস্তফা মোহাম্মদ জিকো তার বার্তায় সরাসরি টুর্নামেন্টের সততা নিয়ে প্রশ্ন তোলেন। আর্জেন্টিনাকে উপহাস করে তিনি লেখেন:
‘বিশ্বকাপের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। পুরো টুর্নামেন্টটি পাতানো (RIGGED) ছিল, তাদের অন্য কোনো কিছুরই প্রয়োজন ছিল না।’
এখানেই থামেননি জিকো। ম্যাচে রেফারিংয়ের মান নিয়ে নিজের চরম অসন্তোষ প্রকাশ করতে গিয়ে তিনি একই শব্দের পুনরাবৃত্তি করে বলেন, ‘রেফারি ছিলেন অন্যায্য, অন্যায্য, অন্যায্য, অন্যায্য।’ তার মতে, মাঠের রেফারিরা ম্যাচের নিরপেক্ষতা বজায় না রেখে এককভাবে আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন।
তিনি আরো বলেন, আর্জেন্টিনার বিপক্ষে ১ গোলে এগিয়ে যাওয়া মিশর দ্বিতীয় গোলোও পেয়ে গিয়েছিলো। সালাহর পাস থেকে জিকোই গোল করেছিলেন। কিন্তু ভিএআর বেশ কিছু সময় পর সেই গোল বাতিল করে দেয়, জানায় বিল্ডআপে ফাউল হয়েছে। অথচ একইরকমের বিল্ডআপের ফাউলে আর্জেন্টিনা গোল পেলেও সেটা বাতিল হয়নি।








