Sunday 05 July, 2026

বিদ্যালয়ে মদ খেয়ে মাতলামি, প্রধান শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 16:19, 4 July 2026

বিদ্যালয়ে মদ খেয়ে মাতলামি, প্রধান শিক্ষককে শোকজ

বিদ্যালয়ে মদ খেয়ে মাতলামি, প্রধান শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি করার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
 
গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

ভিডিওটিতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ কক্ষে চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন।

তাদের দেখে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বলতে শোনা যায়, ‘মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। হয়ত কেউ আপনাদের খবর দিছে। আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।

এরপর সংবাদ পেয়ে স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যান। 

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘রুহুল আমিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি নিজ কক্ষে বসে মদপান ও মাতলামি করে আসছেন। প্রভাবশালী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ভয় পায়। তাই কেউ কিছু বলার বা কোথাও অভিযোগ করার সাহসও পায় না।’ 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, ‘বিষয়টি নজরে আসার পর গতকালই ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম শেখ তাকে শোকজ করেছেন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে- তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।’