যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে যুবলীগের এক কর্মীকে ধরতে বাসায় অভিযান চালিয়ে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার মোহাম্মদ কলিম উদ্দিন (৬০) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের বাসিন্দা। তার ছেলে ইঞ্জিনিয়ার রিফাত আহমেদ যুবলীগের কর্মী বলে জানা গেছে।
কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০) জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ১০-১২ জন পুলিশ বাড়িতে এসে কড়া নাড়ে। পুলিশ পরিচয় দেওয়ার পর তার স্বামী দরজা খুলে দেন।
সেসময় তিনি, তার স্বামী, মেয়ে ও ছেলের বউ বাড়িতে ছিলেন।
তিনি বলেন, পুলিশ প্রথমে আমার ছেলে রিফাত সম্পর্কে জানতে চায়। ছেলে বাড়িতে নেই ও রাজনীতির কারণে তার সঙ্গে যোগাযোগ নেই জানালে পুলিশ আমার স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পর রবিবার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
হাসিনা বেগম বলেন, আমার স্বামী কৃষক, তিনি কোন রাজনীতি করেন না। তার নামে কোনো মামলাও নেই। ছেলে রাজনীতি করে বলে আমার স্বামীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করে হয়রানির মধ্যে ফেলে দিলো। কলিম উদ্দিনের মেয়ে হ্যাপী আক্তার বলেন, আমার ভাই রাজনীতি করে, এটা সত্য। আওয়ামী লীগ সরকার পতনের পর সে বাড়িতে আসেন না।
তার সঙ্গে আমাদের যোগাযোগও নেই। আমার বাবা কখনোই রাজনীতি করেননি। ভাইকে না পেয়ে পুলিশ বাবাকে নিয়ে গেছে। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো অন্যায় হয়েছে।
জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কলিম উদ্দিনের ছেলে রিফাত আহমেদ যুবলীগের নেতা। তার নেতৃত্বে কিছুদিন আগে মিছিল হয়েছে। কাউলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ রিফাতের বাড়িতে অভিযান চালিয়েছে। তার পুরো পরিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। সেই কারণে কলিম উদ্দিনকে পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কলিম উদ্দিনের নামে কোনো মামলা আছে কি না, বা তিনি আওয়ামী লীগের কোনো পদধারী নেতা কি না এমন প্রশ্নে জবাবে ওসি বলেন, তার নামে কোনো মামলা ছিল না। তিনি আওয়ামী লীগের সমর্থক, এই তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
News Editor : Abul Hasnat Milton








