রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
রাজধানীর শনির আখড়ায় দোকানের ভেতরে ঢুকে আসলাম খান (৪০) নামের এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কদমতলী থানাধীন রয়েল হাসপাতালের সামনে লাকী কুকারিজ দোকানে এ ঘটনা ঘটে।
আহতের বন্ধু আনোয়ার হোসেন জানান, দোকানের ভেতরে ২ জন প্রবেশ করে একজন আসলামকে গুলি করেন। তার বাম হাতের কনুইয়ের ওপরে ও মুখের ডান পাশে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
তিনি আরো জানান, গুলি করা ব্যক্তি স্থানীয় লোক ও দোকানের স্টাফ।
তাকে আটক করা হয়েছে। অপরজন পালিয়ে গেছে। কেন গুলি করা হয়েছে, ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক জানা যায়নি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, জরুরি বিভাগে আহতের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।







