Friday 04 September, 2026

মহাকাশ গবেষণায় এবার বড় সাফল্য অর্জন করলো ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 09:27, 4 September 2026

মহাকাশ গবেষণায় এবার বড় সাফল্য অর্জন করলো ভারত

মহাকাশ গবেষণায় এবার বড় সাফল্য অর্জন করলো ভারত

মহাকাশ গবেষণায় আরো একটি বড় সাফল্য অর্জন করেছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করেছে জিএসএলভি রকেট।রকেটটির মাধ্যমে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ইওএস-০৫ নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে জিএসএলভি রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ১৮ মিনিট পর রকেটটি ইওএস-০৫ কে নির্ধারিত সাব-জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে সফলভাবে স্থাপন করে। এটি ছিল জিএসএলভির ১৯তম অভিযান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরো জানায়, ‘মিশন সফল! জিএসএলভি-এফ১৭ তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করে ইওএস-০৫ কে নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে।’ উৎক্ষেপণের কয়েকটি ছবিও প্রকাশ করেছে সংস্থাটি।

এই অভিযানের সবচেয়ে বড় গুরুত্ব হলো, ইওএস-০৫ ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট, যা পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় জিওসিঙ্ক্রোনাস কক্ষপথ থেকে পৃথিবী পর্যবেক্ষণ করবে।

ইসরোর চেয়ারম্যান ড. ভি. নারায়ণন বলেন, জিএসএলভি-এফ১৭ অত্যন্ত নির্ভুলতার সঙ্গে উন্নত প্রযুক্তির পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ইওএস-০৫কে নির্ধারিত ও প্রয়োজনীয় কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছে।

তিনি জানান, শ্রীহরিকোটা থেকে এটি ছিল ভারতের ১০৭তম উৎক্ষেপণ এবং জিএসএলভির ১৯তম মিশন।

ইসরো চেয়ারম্যান বলেন, জিএসএলভির প্রথম উৎক্ষেপণ জিএসএলভি-ডি১-এ ১ হাজার ৫৩৬ কেজি ওজনের পেলোড বহন করা হয়েছিল। এরপর কাঠামোগত ওজন কমানো, প্রপালশন ব্যবস্থা উন্নত করা এবং বিভিন্ন প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে রকেটটির সক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। এবার এই উৎক্ষেপণযান দিয়ে ২ হাজার ৩৬৭ কেজি ওজনের সবচেয়ে ভারি উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে।
 
ইওএস-০৫-কে বলা হচ্ছে ‘আই ইন দ্য স্কাই’ বা আকাশের চোখ।