৮০তম জন্মদিনে শেখ হাসিনার ৭৯ মুহূর্ত সম্বলিত ই-বুক উন্মোচন
বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে একটি ডিজিটাল ই-বুক উন্মোচন করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) “ইতিহাসের আঙিনায় ৭৯ মুহূর্ত: বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা” শীর্ষক ইবুকটির আনুষ্ঠানিক ডিজিটাল প্রকাশনা উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম।
ই-বুকটি সম্পাদনা করেছেন পাবলিক হেলথ বিশেষজ্ঞ ড. আবুল হাসনাৎ মিল্টন (সিডনি) এবং আলিফ লায়লা হীরা (নিউ ইয়র্ক)। ইবুক উন্মোচন অনুষ্ঠানে ড. হাসনাতসহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রকাশনাটির নানা দিক নিয়ে বিস্তারিত ও তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

ইবুকটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব, টুঙ্গিপাড়ার স্মৃতি, সংগ্রাম ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ৭৯টি মুহূর্ত, আলোকচিত্র এবং প্রজ্ঞাপূর্ণ উক্তি সংকলিত করা হয়েছে। এতে তাঁর শৈশবের টুঙ্গিপাড়ার সহজ-সরল জীবন থেকে শুরু করে পরবর্তীতে দেশের নেতৃত্বদান, দেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং জীবন বিপন্ন হওয়ার নানা ঐতিহাসিক ঘটনা স্থান পেয়েছে।
ইবুকটির সূচনায় সম্পাদকদ্বয় লিখেছেন, “অশ্রুভেজা শুভ জন্মদিন: একটি জাতির বুকভরা প্রত্যাবর্তনের অপেক্ষা”। এতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ট্র্যাজেডি, স্বজন হারানোর বেদনা চেপে দেশের টানে ফিরে আসা এবং পরবর্তী সময়ে বাংলাদেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক অগ্রযাত্রায় তাঁর অবদানের কথা তুলে ধরা হয়েছে।
বইটির প্রতিটি গুরুত্বপূর্ণ বক্তব্য ও উক্তি বাংলা এবং ইংরেজি-দুই ভাষাতেই উপস্থাপন করা হয়েছে, যা আন্তর্জাতিক পাঠকদের জন্যও এটি সহজপাঠ্য করে তুলেছে।
অনুষ্ঠানে ড. আবুল হাসনাৎ মিল্টনসহ বক্তব্য রাখেন সিডনির বিশিষ্ট গুণীজন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা উল্লেখ করেন, এই ইবুকটি নিছক কোনো আলোকচিত্র বা উক্তি সংকলন নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস এবং শেখ হাসিনার দীর্ঘ সংগ্রামের এক অনন্য দলিল।
News Editor : Abul Hasnat Milton








