Tuesday 15 September, 2026

জুনে ঢাকা আসবেন ভারতের নতুন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 17:02, 10 May 2026

জুনে ঢাকা আসবেন ভারতের নতুন হাইকমিশনার

জুনে ঢাকা আসবেন ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আগামী জুনের মাঝামাঝিতে ঢাকায় আসছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। 

অন্যদিকে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিগগিরই বাংলাদেশ ত্যাগ করবেন।

বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বর্ষীয়ান ভারতীয় রাজনীতিক দীনেশ ত্রিবেদী।

তিনি জুনের মাঝামাঝিতে ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করবেন। গত এপ্রিলের শেষ দিকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দীনেশ ত্রিবেদীর নিয়োগ দেয় নয়াদিল্লি।

দীর্ঘদিন পর কোনো রাজনীতিককে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে ভারত সরকার। ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী।

মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর দলীয় চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

এ ছাড়া তিনি ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা-উভয় কক্ষের সদস্য ছিলেন।

 

News Editor : Shahrina Sharmin