বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হচ্ছেন ৫ ক্রিকেটার
২০২৫ সালের বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে কয়েকজন ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে তদন্ত শেষে বিসিবিতে জমা দেওয়া হয়েছে বিস্তারিত প্রতিবেদন। তদন্তের ভিত্তিতে অন্তত পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন সভাপতি ফারুক আহমেদের নির্দেশে গঠন করা হয় তদন্ত কমিটি। পরে কমিটি ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়, যা বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে হস্তান্তর করা হয়েছে।
এরপর তিনিও যাচাই-বাছাই করে কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্টদের ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পান। সে সময় তিনিও কারো নাম প্রকাশ করেননি।
অবশেষে জানা গেল, বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে শাস্তি পাচ্ছেন ৫ ক্রিকেটার। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
২০২৫ বিপিএলে তামিম ছিলেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের অধিনায়ক। স্বাভাবিকভাবেই ফিক্সিংয়ের ঘটনা এবং তদন্তের সময়ে তিনি বোর্ডে ছিলেন না। তবে দায়িত্ব পাওয়ার পরের ঘটনা জানাতে গিয়ে তামিম বলেছেন, ‘আমি প্রশ্ন করেছি, আমাদের কাছে কি যথেষ্ট প্রমাণ আছে? আমি উত্তর পেয়েছি। আমি বলেছি কার্যকর করেন।
ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের নাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তামিম। তাদেরকে বিভিন্ন মেয়াদে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হবে।
News Editor : Fokhrul Islam








