ইউনূসের বিচার দাবিতে আ. লীগের বিক্ষোভ, গ্রেপ্তার ৩
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাখালীতে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিছিল থেকে ৩ জনকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী টার্মিনালের মূল সড়কে কয়েকজন আওয়ামী লীগের ব্যানারে জড়ো হয়। তারা হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূস ও নুরজাহানের বিচার দাবি করেন। এ সময় তাদের হাতে শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
আটকরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে।








