বঙ্গবন্ধুর ম্যুরালে কালি দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তারা উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের ৪০–৫০ জন নেতা–কর্মী মিছিল করছেন। তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদ জানান। প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে। তবে মিছিলে কারা নেতৃত্ব দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার সোমবার দুপুরে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালি লেপন করেন। পরদিন রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে ম্যুরালের কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘শুনেছি ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিল করছিলেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
News Editor : Shahrina Sharmin








