Wednesday 17 June, 2026

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 12:48, 16 June 2026

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে চলছে আলোচনা- সমালোচনা। এ নিয়ে গতকাল সোমবার জাতীয় সংসদে ২৭৪ বিধিতে ব্যাখ্যা দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেছেন, প্রশাসনিক যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে, সন্তানদের নামে নয়। অলৌকিকভাবে তার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়ন পরিষদের নাম মিলে গেছে।

এর আগে সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ নিয়ে প্রশ্ন তোলেন। মাসুদ বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নের নাম উনার মীর বংশের নামে ‘মীরবাড়ি’ নামকরণ করেছেন। উনার দুই সন্তান ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ নামে দুটো ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নবগঠিত মোকামতলা উপজেলায় সৈয়দপুর ইউনিয়ন পরিষদ আয়তনে অনেক বড়। এই ইউনিয়ন ভেঙে ‘সীমান্ত’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী, তা গাইবান্ধার সীমান্তবর্তী। দূরবর্তী হওয়ায় নাম দেওয়া হয়েছে ‘দিগন্ত’। যদিও দেউলী ইউনিয়নের নাম পরিবর্তন নয়, ইউনিয়নটি ভেঙে দিগন্ত নামে ইউনিয়ন গঠন করা হয়েছে।

তবে সংসদে সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী দাবি করেন, অলৌকিকভাবে তার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়ন পরিষদের নাম মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইচ্ছা থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম ‘নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত’। কিন্তু নামের আগে তো মীর নেই।

তিনি জামায়াতের সংসদ সদস্যের উদ্দেশ্যে বলেন, এ রকম সীমান্ত ও দিগন্ত নামকরণ বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। উনি কেন এর সঙ্গে আমার সন্তানদের নাম জড়ালেন। স্পিকারকে অনুরোধ করব, তার এ বক্তব্যটি এক্সপেন্স করা হোক। পরে স্পিকার জানান, পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন এর মধ্যে অসংসদীয় কোনো কিছু আছে কি না।

 

News Editor :  Abul Hasnat Milton