আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় নারী নেত্রীসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় সাবেক নারী ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার বিবিরহাট বাজারের একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার (৩৫)। তিনি বক্তপুর এলাকার মৃত শামসুল আলমের মেয়ে। অন্যজন একই এলাকার সুধির বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৪০)। তিনি ওই কম্পিউটার দোকানের কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাট বাজারের এএইচ শপিং কমপ্লেক্সের শাওন ভিশন ফটো অ্যান্ড ফ্লিমথ নামের একটি প্রতিষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরি ও মুদ্রণ করা হচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে সোমবার রাতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুমি আক্তার ও উজ্জ্বল বড়ুয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের লিফলেট তৈরির সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।








