Friday 12 June, 2026

বানিয়াচং থানা পোড়ানো সেই মাহাদী প্রাণ বাচাঁতে আশ্রয় নিলেন থানাতেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 08:37, 11 June 2026

বানিয়াচং থানা পোড়ানো সেই মাহাদী প্রাণ বাচাঁতে আশ্রয় নিলেন থানাতেই

বানিয়াচং থানা পোড়ানো সেই মাহাদী প্রাণ বাচাঁতে আশ্রয় নিলেন থানাতেই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান অভিযোগ করেছেন, ফেসবুকে তাঁর দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরা তাঁকে ধাওয়া দিয়েছেন। পরিস্থিতি ‘বেগতিক’ দেখে তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন।

গতকাল বুধবার দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

এদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। মাহাদী হাসান ‘নিজের গুরুত্ব বাড়ানোর জন্য’ মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। পুলিশও বলেছে, এ ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি তারা।

জানা গেছে, গত ২ জানুয়ারি মাহাদী জেলার শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।

গতকাল গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে মাহাদী জানান, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে তাঁকে লক্ষ্য করে এ ঘটনা ঘটে। ওই স্ট্যাটাসে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ এনে তাঁর প্রশংসা করেন।

বিষয়টি জেলা ছাত্রদলের কিছু নেতাকর্মী সহজভাবে নেননি।

গতকাল দুপুরে মাহাদী হাসান ফেসবুক লাইভে উত্তেজিত হয়ে বলেন, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে তিনি বিআরটিএর কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে তিনি একটি ইজি বাইকে বাসায় ফিরছিলেন। ওই সময় ছাত্রদলের কর্মীরা তাঁকে ধাওয়া করেন। ভিডিওতে মাহাদীর সঙ্গে ইজি বাইকে আরেকজনকে দেখা যায়।

তাঁরা হবিগঞ্জ সদর মডেল থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। মাহাদী থানায় উপস্থিত হলে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসির) দেখা পাননি। কারণ তখন তিনি থানায় উপস্থিত ছিলেন না। মাহাদী ডিউটি অফিসারকে জানান তাঁকে ধাওয়া করার বিষয়টি। তখন ডিউটি অফিসার একজন এসআইকে সঙ্গে নিয়ে থানার ফটক পর্যন্ত এসে কাউকে দেখতে পাননি। মাহাদী দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত থানায় অবস্থান করেন। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ওসি থানায় গেলে ওসিকে এই বিষয়ে অবহিত করেন মাহাদী। ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি রাজীব আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, মাহাদী হাসানকে ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দেননি। তিনি নিজের গুরুত্ব বাড়াতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদ হোসেন জানিয়েছেন, মাহাদী হাসানের তথ্য অনুযায়ী পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করেছে। অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।