১৯৭০ বিশ্বকাপে কোয়ালিফাই করতেই পারেনি আর্জেন্টিনা
বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে তিনবার শিরোপা জেতা আলবিসেলেস্তেরা নিয়মিতভাবেই টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেয়।
তবে অবাক করার মতো তথ্য হলো, মাঠের লড়াইয়ে বাছাইপর্ব থেকে বাদ পড়ে বিশ্বকাপ মিস করেছে মাত্র একবার। সেটি ছিল ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্সের কারণে মূল আসরে জায়গা করে নিতে পারেনি আর্জেন্টিনা।
তৎকালীন বাছাইপর্বের কাঠামো ছিল খুবই সংক্ষিপ্ত।
ফলে একটি বা দুটি ভুলই পুরো অভিযানে বড় প্রভাব ফেলত। ১৯৬৯ সালে বলিভিয়ার কাছে ৩-১ গোলে এবং পেরুর কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ফলে শেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা।
এর ফলে গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের তলানিতে থেকে যায় তারা এবং ১৯৭০ বিশ্বকাপের টিকিট হারায়। সেটিই আজ পর্যন্ত একমাত্র বিশ্বকাপ, যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপে খেরতে ব্যর্থ হয়েছিল তারা। তবে বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনা আরো দুটি আসরে অনুপস্থিত ছিল। ১৯৩৮ ও ১৯৫০ সালের বিশ্বকাপে তারা অংশ নেয়নি, যদিও সেগুলো ছিল ভিন্ন কারণে।
১৯৩৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপের আয়োজক নির্বাচনের প্রতিবাদে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আর্জেন্টিনা।
আর ১৯৫০ সালে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ এবং অভ্যন্তরীণ নানা কারণে বাছাইপর্বেই অংশ নেয়নি তারা। অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা তিনটি আসরে অনুপস্থিত থাকলেও, মাঠের খেলায় হেরে বিশ্বকাপের মূল পর্বে উঠতে না পারার ঘটনা ঘটেছে মাত্র একবার—১৯৭০ সালে। এরপর আর কখনো এমন হতাশা দেখতে হয়নি আর্জেন্টিনাকে।
News Editor : Shahrina Sharmin








