দেশজুড়ে প্রতিদিন ৩ অপহরণ, বাড়ছে আতঙ্ক
সম্প্রতি দেশজুড়ে অপহরণের পর হত্যার ঘটনা বেড়েছে। এর মধ্যে শিশু অপহরণের ঘটনাই বেশি। বেশির ভাগ ঘটনায় মুক্তিপণের বিষয়টি থাকে। মুক্তিপণ না পেয়ে হত্যার ঘটনাও কম নয়। অপহরণের পর হত্যার পেছনে অন্য কারণও দেখা যায়।
অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের অভিভাবকরা অনেকে আতঙ্কে রয়েছেন। এরই মধ্যে অনেক শিশুও অপহরণের শিকার হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৬৯১টি অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতেই অপহরণের ঘটনায় মামলা হয় ১২৯টি। সেই হিসাবে অপহরণের ঘটনায় প্রতিদিন গড়ে প্রায় তিনটি মামলা হয়েছে, মাসে প্রায় ৮৬টি। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, জানুয়ারিতে অপহরণের ঘটনায় সারা দেশে মামলা হয়েছে ৮৭টি, এর মধ্যে ঢাকায় মামলা ১৪টি।
ফেব্রুয়ারিতে করা ৬৪টি মামলার মধ্যে ঢাকায় ১২টি। মার্চে ১০২টি মামলার মধ্যে ঢাকায় ২০টি, এপ্রিলে ৯৪টি মামলার মধ্যে ঢাকায় ২১টি, মে মাসে ৯০টি মামলার মধ্যে ঢাকায় ১৩টি, জুনে ৯০টি মামলার মধ্যে ঢাকায় ১৭টি, জুলাইয়ে ৭২টি মামলার মধ্যে ঢাকায় ১১টি এবং আগস্টে ৯২টি মামলার মধ্যে ঢাকায় ২১টি।
পুলিশের তথ্য বলেছে, গত আগস্ট পর্যন্ত চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে দুই হাজার ৩৫৯টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় হত্যা মামলা ১৬৮টি। হিসাব বলছে, ওই আট মাসে প্রতিদিন গড়ে ১০টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অপহরণের পর হত্যা মামলা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মামলার সংখ্যার চেয়ে প্রকৃত অপহরণের ঘটনা আরো বেশি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপহরণকারীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সার্বিক অপরাধচিত্র আরো বাড়তে পারে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা জরুরি।
বেশ কিছু অপহরণের ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, লক্ষ্যে থাকা ব্যক্তিকে আগে থেকে অনুসরণ করা হয়। এরপর সুযোগ বুঝে অপহরণের ঘটনা ঘটে। অনলাইন অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং, ব্যাবসায়িক লেনদেনের ছলে কিংবা প্রেমের সম্পর্কের মাধ্যমে ফাঁদ পেতে অপহরণের ঘটনা ঘটছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন কালের কণ্ঠকে বলেন, অপহরণের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। এর মধ্যে অপহরণকারীচক্রের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার ইউনিট ও ডিজিটাল যোগাযোগের মাধ্যমে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ।
গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামে মো. হেলাল উদ্দিন নামের এক অপহৃত ব্যবসায়ীর মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। গত ৭ সেপ্টেম্বর একটি সাদা মাইক্রোবাসে করে তাঁকে অপহরণ করা হয় বলে পুলিশ জানায়।
এর আগে পুরান ঢাকার কদমতলীর রাজাবাড়ি আলি বহর থেকে ওয়াসিম আহমেদ নামের একজনকে অপহরণ করা হয়। পরে তাঁর স্ত্রী সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন। গত ২১ সেপ্টেম্বর সাইমুম ইসলাম সাইম নামের এক ব্যক্তিকে গাইবান্ধা থেকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, শুধু চলতি বছরই নয়, এর আগে ২০২৫ সালে দেশে অপহরণের ঘটনা ঘটেছে এক হাজার ১০২টি। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৪২টি। এই হিসাবে ওই বছর অপহরণের সংখ্যা বেড়েছে ৪৬০টি; অর্থাৎ ৭১.৬৫ শতাংশ।
তথ্য বলছে, ২০২৪ সালে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম ১০ মাসে অপহৃত হয় ৫০১ জন, মাসে গড়ে ৫০ জন। অথচ চলতি বছরের একই সময় মাসিক গড় বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে।
অপরাধ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, অপহরণের ঘটনায় সমাজে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এখন সামাজিক প্রতিশোধ, প্রেম-বিবাদ কিংবা ডিজিটাল যোগাযোগের অপব্যবহার থেকেও অপহরণের ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আরো কঠোর হতে হবে।
News Editor : Mehedi Shaheen







