Thursday 11 June, 2026

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 18:41, 24 April 2026

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ২৭ বছর বয়সী দুইজন পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন এবং কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করতে সব ধরনের সহায়তা চেয়েছে। নিখোঁজ দুই জনই বাংলাদেশি। 

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের এক বিবৃতি অনুসারে, বাংলাদেশি জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে সর্বশেষ গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) ফ্লোরিডার টাম্পায় অবস্থিত ক্যাম্পাসে দেখা গিয়েছিল। লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতিবিদ্যা নিয়ে পড়াশোনা করছিলেন।

তাকে সর্বশেষ একটি ছাত্রাবাস কমপ্লেক্সে তার বাড়িতে দেখা গিয়েছিল। অন্যদিকে বৃষ্টি রাসায়নিক প্রকৌশল নিয়ে পড়াশোনা করছিলেন। তাকে সর্বশেষ  ক্যাম্পাসের একটি বিজ্ঞান ভবনে দেখা গিয়েছিল। তাদের আত্মীয়রা এই অস্বাভাবিকভাবে নিখোঁজের ঘটনাকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেছেন।

 ওই দুই শিক্ষার্থী বর্তমানে কোনো বড় ধরনের বিপদের মুখে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 
ইউএসএফ পুলিশ জানিয়েছে, দুইজনের কারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরে গত শুক্রবার একজন পারিবারিক বন্ধু কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাদের দুজনের ফোনই বন্ধ পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, তারা সম্পর্কে ছিলেন এবং সম্প্রতি বিয়ে নিয়ে আলোচনা করছিলেন।

এদিকে পুলিশ নিশ্চিত করেছে, তারা কেউই ইমিগ্রেশন কর্তৃপক্ষের (আইসিই) হেফাজতে নেই। পরিবারের সদস্যরা জানান, দুজনই অত্যন্ত মনোযোগী শিক্ষার্থী এবং খুব কমই ক্লাস মিস করতেন। তাই তাদের হঠাৎ নিখোঁজ হওয়াকে তারা ‘সন্দেহজনক’ মনে করছেন।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ বলেন, ‘লিমন খুব দায়িত্বশীল ও সময়নিষ্ঠ মানুষ। তাই এই ঘটনাটি আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক এবং সন্দেহজনকও মনে হচ্ছে।

তিনি আরো বলেন, ‘আমরা ভয়াবহ মানসিক অবস্থার মধ্যে আছি। জুবায়ের জানান, গত সোমবার তার লিমনের সঙ্গে শেষবার কথা হয়েছিল। তখন লিমন বলেছিলেন, তিনি তার থিসিস নিয়ে ব্যস্ত আছেন। লিমনের ভাই আরো জানান, তারা দুজনই পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা ল্যারি ম্যাককিনন বলেন, ‘আমরা সবাই খুবই উদ্বিগ্ন। তাদের আচরণের সঙ্গে এ ঘটনা একেবারেই স্বাভাবিক নয়। তবে এখন পর্যন্ত কোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনার প্রমাণ আমাদের কাছে নেই।’

পুলিশ বলেছে, ‘যখন আমরা নিজেরা খুঁজে তাদের সন্ধান পেতে ব্যর্থ হই, তখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা আসে সাধারণ মানুষের কাছ থেকে। এখন আমরা সেই পর্যায়েই আছি।’ তাই এই দুই শিক্ষার্থীকে কেউ দেখে থাকলে বা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

 

News Editor : Fokhrul Islam