অস্ট্রেলিয়ায় চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (CUAAA) সম্প্রতি সিডনিতে সফলভাবে আয়োজন করেছে তাদের বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫। ১৯ অক্টোবর রবিবার Bungaribee Homestead Park-এর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। দিনব্যাপী আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৩০-রও বেশি প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
ফ্যামিলি ডেতে ছিল নানা রঙিন আয়োজন—সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের বিনোদনমূলক প্রতিযোগিতা, অ্যালামনাইদের নেটওয়ার্কিং সেশন এবং সংগঠনের স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠাতা সদস্যদের অবদানের স্বীকৃতি প্রদান। হাসি-আনন্দে ভরপুর এই দিনটি প্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় মুহূর্ত।
অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন নির্বাহী কমিটি, যারা আগামী মেয়াদে সংগঠন পরিচালনা করবে। নতুন কমিটির সভাপতি হয়েছেন আব্দুস সাত্তার খাজা, সহ-সভাপতি মো. আলী অজগর (প্রতিষ্ঠাতা সদস্য) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মাসুদ চৌধুরী। সহকারী সাধারণ সম্পাদক সালিনা আক্তার, কোষাধ্যক্ষ মাহমুদ খান, সাংস্কৃতিক সম্পাদক শায়লা হক তাজু এবং প্রকাশনা সম্পাদক ফজলে এলাহী প্রধান। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রেজাউল আনোয়ার, এ.এন.এম. নিজাম উদ্দিন চৌধুরী ও তৌফিকুল ওয়াহাব তৌফিক। জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন আজহারুল হক আরিফ।
এছাড়া চার সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন শাহিদ ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান, শামসুজ্জামান শামীম এবং আশিকুর রহমান—যাঁদের মধ্যে দুজন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য।
এক বিবৃতিতে নবনির্বাচিত নেতৃত্ব ফ্যামিলি ডে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, স্বেচ্ছাসেবক, স্পনসর ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁরা বলেন, CUAAA আগামী দিনে আরও ফলপ্রসূ কর্মসূচি, শিক্ষা-সহায়ক উদ্যোগ এবং পরিবারমুখী কমিউনিটি ইভেন্ট আয়োজন করবে। সংগঠনটি অস্ট্রেলিয়ায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক ছাতার নিচে আনতে এবং পেশাগত ও সামাজিক যোগাযোগ আরও দৃঢ় করতে কাজ করবে।
চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আশাবাদ ব্যক্ত করেছে যে, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি ভবিষ্যতে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সমাজমুখী ভূমিকা পালন করবে।
News Editor : Muhammad Noman







