শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশকে জরিমানা
নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারের হতাশা তো ছিলই, এবার সেই চরম বিপর্যয়ের মধ্যে যোগ হলো আরেক দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তির মুখে পড়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নির্ধারিত সময়ে ১ ওভার কম বোলিং করার অপরাধে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে জ্যোতিদের।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই শাস্তির কথা নিশ্চিত করেছে। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ‘বি’ গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। আইসিসির এমিরেটস ম্যাচ রেফারি প্যানেলের সদস্য জি এস লক্ষ্মী অতিরিক্ত সময়ের হিসাব কষেও বাংলাদেশকে দোষী সাব্যস্ত করেন এবং শাস্তির সুপারিশ জানান।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়া হয়। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজের ভুল স্বীকার করে নিয়ে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
তবে জরিমানার এই অনাকাঙ্ক্ষিত খবরের চেয়েও বাংলাদেশ শিবিরের জন্য বড় চিন্তা এখন সেমিফাইনালের জটিল সমীকরণ। বাঁচা-মরার লড়াইয়ে আজ রাতেই আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে ভারত ও পাকিস্তান শেষ চারের টিকিট কেটে ফেলেছে, আর ‘বি’ গ্রুপ থেকে দৌড়ে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। ফলে এশিয়া কাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আমিরাতের বিরুদ্ধে জয়ের কোনো বিকল্প নেই জ্যোতিদের সামনে!








