Monday 03 August, 2026

সিডনিতে ‘গামা আব্দুল কাদির: প্রশান্তপারের বাঙালি নাবিক’ গ্রন্থের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 20:18, 2 August 2026

আপডেট: 20:19, 2 August 2026

সিডনিতে ‘গামা আব্দুল কাদির: প্রশান্তপারের বাঙালি নাবিক’ গ্রন্থের প্রকাশনা উৎসব

সিডনিতে ‘গামা আব্দুল কাদির: প্রশান্তপারের বাঙালি নাবিক’ গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রবাসের ব্যস্ত যান্ত্রিক জীবনের মাঝেও ইতিহাস, শেকড় আর আত্মপরিচয়ের এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়েছিল সিডনির রেডরোজ ফাংশন সেন্টার। গত শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘গামা আব্দুল কাদির: প্রশান্তপারের বাঙালি নাবিক’ গ্রন্থের প্রকাশনা উৎসব।

অনুষ্ঠানের শুরুতেই এক বিরল ও স্মরণীয় মুহূর্তের সৃষ্টি হয়। মূল চরিত্র গামা আব্দুল কাদির মঞ্চে এলে উপস্থিত সবাই দাঁড়িয়ে দীর্ঘক্ষণ করতালির মাধ্যমে তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে সম্মান জানান, যা পুরো আয়োজনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টায় বই সম্পাদনা পরিষদের সদস্য পুরবী পারমিতা বোসের আলো প্রজ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। একুশে একাডেমির সভাপতি অধ্যাপক ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং ড. সাখাওয়াৎ নয়নের সঞ্চালনায় মঞ্চে আসন গ্রহণ করেন গামা আব্দুল কাদির, একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন, উপদেষ্টা অজয় দাশগুপ্ত, ড. সিরাজুল হক, শফিকুল আলম, আশীষ বাবলু, রোকেয়া আহমেদ ও আল নোমান শামীম।

শুরুতেই অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত এবং অমিয়া মতিন ও লিলি গোমেজের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর তারা একক গান পরিবেশন করেন। এ সময় গামা আব্দুল কাদিরের নাতি আরিয়ান আমিন ও নাতনি লিয়ান আলী তাদের দাদাকে নিয়ে স্মৃতিচারণ করেন। ফুল দিয়ে বরণ করার পর আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

স্বাগত বক্তব্য দেন শফিকুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সিরাজুল হক, আশীষ বাবলু, রোকেয়া আহমেদ ও আল নোমান শামীম। মূল আলোচক অজয় দাশগুপ্ত বইটির সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি এস এম আব্রাহাম লিংকন বলেন, "আমরা ধীরে ধীরে আমাদের ইতিহাস ও শেকড় থেকে দূরে সরে যাচ্ছি। এই বইটি শুধু একজন মানুষের গল্প নয়, বরং প্রবাসে হাজারো বাংলাদেশির সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের দলিল। ভবিষ্যতে প্রবাসজীবন গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হবে।"

গামা আব্দুল কাদির কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মান কেবল তাঁর নয়, বরং প্রশান্তপারের প্রতিটি সংগ্রামী প্রবাসীর। সভাপতির বক্তব্যে ড. সুলতান মাহমুদ ইতিহাস সংরক্ষণে প্রবাসীদের নিজেদের স্মৃতিকথা ও অভিজ্ঞতা লিখে রাখার আহ্বান জানান। পাঠক প্রতিক্রিয়া পর্বে বক্তব্য দেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অনিলা পারভীন, আতিকুর রহমান শুভ, ড. আবুল হাসনাত মিল্টন এবং শওকত মোসলেমান এমএলসি।

আলোচনা পর্ব শেষে গামা আব্দুল কাদির বই স্বাক্ষর পর্বে অংশ নেন এবং পাঠকদের অটোগ্রাফ ও ছবি দেন। পরবর্তীতে পুরবী পারমিতা বোস ও তিশা তানিয়ার উপস্থাপনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে আতিক হেলাল, মিতা হেলাল, মারিয়া মুন ও মেহেদী গান গান এবং লিন্ডা মণ্ডল ও আদৃতা দে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা, অডিও-ভিডিও ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন জুই সেন পল, টুম্পা, নাজনীন, শাহনাজ, সাজ্জাদ হোসেইন ও প্রকৌশলী আব্দুল মতিন।