Thursday 25 June, 2026

সিডনিতে শেষ হলো তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 23:04, 24 June 2026

আপডেট: 01:54, 25 June 2026

সিডনিতে শেষ হলো তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’

সিডনিতে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পৃষ্ঠপোষকতায় এবং অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ (Global Sourcing Expo)। গত ১৬ জুন ২০২৬ তারিখে শুরু হওয়া এই মেলাটি শেষ হয়েছে ১৮ জুন। মেলার প্রথম দিনে তৈরি পোশাক খাতের বাংলাদেশি ১১টি স্টল সমন্বয়ে গঠিত 'বাংলাদেশ প্যাভিলিয়ন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা এবং মেলার আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলি হল্ট। এ সময় বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী প্রতিনিধি ও আগ্রহী অস্ট্রেলিয়ান আমদানিকারকগণ উপস্থিত ছিলেন।

‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ হলো অস্ট্রেলিয়ার একমাত্র প্রিমিয়ার আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী। এবারের মেলায় বিশ্বের ২০টি দেশ থেকে ৬০০-এরও বেশি এক্সিবিটর অংশ নিয়েছে। বিশ্বজুড়ে সোর্সিং পেশাজীবীদের সাথে বিভিন্ন দেশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সুযোগ অন্বেষণের একটি অন্যতম প্ল্যাটফর্ম এটি। মেলাটিতে মূলত পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র এবং গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও টেকসই উৎপাদন ব্যবস্থা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে মেলার দ্বিতীয় দিন (১৭ জুন) একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘Bangladesh RMG and other Emerging Sectors: Sustainable Manufacturing and New Horizons for Australia–Bangladesh Trade’ শীর্ষক এই সেমিনারে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা।

এর আগে মেলার প্রথম দিনে বাংলাদেশ থেকে আসা ১১টি কোম্পানির প্রতিনিধিদের জন্য বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি তাৎক্ষণিক ব্রিফিং সেশনের আয়োজন করা হয়। সেশনটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া ট্রেড অ্যান্ড লজিস্টিকস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ক্রিস্টোফেলজ।

মেলা চলাকালীন বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থী, ক্রেতা, বিপণনকারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

অংশগ্রহণকারী বাংলাদেশি উদ্যোক্তা ও প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ এবং বিজনেস-টু-বিজনেস (B2B) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থান আরও সুসংহত হবে। একই সাথে এটি বাংলাদেশের পণ্য রপ্তানিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।